তুরস্কের আন্তালিয়া শহরে অনুষ্ঠিত জাতিসংঘের সিওপি৩১ জলবায়ু সম্মেলন কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। সম্মেলনের চূড়ান্ত খসড়ায় কয়ল, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়নসহ বহু দেশ তা প্রত্যাখান করে। এর ফলে রেকর্ড সময় পার করেও ঐতিহাসিক এই জলবায়ু সম্মেলন ব্যর্থতায় পর্যবসিত হয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ এবং ক্রমবর্ধমান জ্বালানি মূল্যের কঠিন পরিস্থিতির প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই সম্মেলনে জীবাশ্ম জ্বালানির বিষয়টি শুরু থেকেই বিরোধপূর্ণ ছিল। সৌদি আরবের মতো তেলসমৃদ্ধ দেশগুলো এ বিষয়ে কঠোর অবস্থান নেয়। সম্মেলনের সভাপতি মুরাত কুরুম সমাপ্তি অধিবেশনে স্বীকার করেন যে খসড়ার ওপর কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি এবং সিদ্ধান্তগুলো গৃহিত হয়নি।
সম্মেলনের সভাপতি দেশ অস্ট্রেলিয়া একটি সার্বিক চুক্তি বা 'কভার ডিসিশন' অর্জনের চেষ্টা করেছিল। তবে চূড়ান্ত প্রস্তাবে জীবাশ্ম জ্বালানির বিষয়টি বাদ পড়ায় তা চরম বিশৃঙ্খলার সৃষ্টি করে। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সভাপতি দেশ আয়ারল্যান্ডের জলবায়ু মন্ত্রী ডারা ও'ব্রায়েন বলেন, জলবায়ু পরিবর্তনের মূল চালিকাশক্তি জীবাশ্ম জ্বালানিকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত তাঁরা সমর্থন করবেন না।
এদিকে গ্লোবাল ক্লাইমেট অ্যান্ড হেলথ এলায়েন্সের মতো স্বাস্থ্য বিষয়ক সংস্থাগুলোও সতর্ক করে জানিয়েছে যে চুক্তিতে জীবাশ্ম জ্বালানি এবং জলবায়ু অর্থায়ন সংক্রান্ত বিষয়গুলো দুর্বল রাখা জনস্বাস্থ্য সুরক্ষাকে ঝুঁকিতে ফেলতে পারে।






