ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে বান্তেন প্রদেশের সেরাং জেলায় মিষ্টি ও স্ন্যাকস উৎপাদনকারী একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং ৩৬ জন নিখোঁজ রয়েছেন। ইন্দোনেশিয়ার এক উদ্ধার কর্মকর্তার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। কারখানার নাম পিটি ফোনুসা আগুং মুলিয়া।

ফ্রান্স ২৪-এর প্রতিবেদন অনুসারে, কারখানা থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ড শুরুর ১২ ঘণ্টারও বেশি সময় পরেও কারখানার কয়েকটি অংশে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছিলেন। সিএনএ-ও জানিয়েছে, রোববার কারখানার কিছু অংশে আগুন জ্বলছিল, যে কারণে নিখোঁজদের সন্ধান অভিযান ব্যাহত হচ্ছে।

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে ফ্রান্স ২৪ জানিয়েছে, প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী কারখানার তৃতীয় তলার একটি কুলিং ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনে ধারণ করা ভিডিওতে কারখানার বড় অংশ ধ্বংসপ্রাপ্ত দেখা গেছে; ছাদের কিছু অংশ ধসে পড়েছে এবং ধোঁয়া উঠছিল। উদ্ধারকর্মীদের ছবি ও ভিডিওতে দেখা যায়, তাঁরা পোড়া ভবনের ভেতরে ঢুকে নিখোঁজদের খুঁজছেন। নিখোঁজদের স্বজনরা কারখানার ফটকে জড়ো হয়ে তাঁদের অবস্থা জানার অপেক্ষায় ছিলেন।