নগদ বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে ব্যাংকগুলোর জন্য নগদ ডলার বিক্রির সর্বোচ্চ বিনিময় হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশের ব্যাংকগুলো নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে বিলস ফর কালেকশন বা বিসি হারের বেশি দাম নিতে পারবে না। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ব্যাংকগুলো পণ্য আমদানি বা এলসি নিষ্পত্তির ক্ষেত্রে বিসি বিক্রয় হার হিসেবে প্রতি ডলার ১২৫ টাকা ৫ পয়সা থেকে ১২৫ টাকা ৪০ পয়সা নির্ধারণ করে থাকে। তবে নগদ ডলার বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলো এই নির্ধারিত হারের চেয়ে এক থেকে দেড় টাকা বেশি গ্রহণ করছিল, যার ফলে গ্রাহকদের ১২৬ থেকে ১২৭ টাকা পর্যন্ত পরিশোধ করতে হচ্ছিল। এর প্রভাবে খোলাবাজারেও ডলারের দাম বাড়ছিল।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই নির্দেশনার ফলে ব্যাংকগুলো আর বিসি বিক্রিয় হারের বেশি দামে নগদ বৈদেশিক মুদ্রা বিক্রি করতে পারবে না। বাজারের ক্রমবর্ধমান অস্থিরতা রোধ এবং সাধারণ গ্রাহকদের বাড়তি খরচের হাত থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।







