গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে আট হাজার ২৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। গত ২২ নভেম্বর মামলাটি করা হলেও গত বৃহস্পতিবার বিকেলে বিষয়টি জানাজানি হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোপ্র বাবুল শেখকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও আট হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহারে নাম থাকা অন্য ব্যক্তিদের মধ্যে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন নেতার নাম রয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে একটি দল টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে হামলা চালায়। এ সময় পুলিশ সদস্যদের মারধর করা হয় এবং অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। পাশাপাশি থানা ভবন, পুলিশ ব্যারাক ও সরকারি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, এ ঘটনায় আনুমানিক একুশ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়েছে।












