কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়াগামী একটি নৌযান থেকে ৩১৭ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) ভোরে টেকনাফ মেরিন ড্রাইভের পশ্চিমে বঙ্গোপসাগরে ও বড়ডেইল-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের চট্টগ্রাম মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৭০ জন বাংলাদেশি নাগরিক এবং বাকিরা কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। পুরুষদের ভালো চাকরি এবং নারীদের উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে টেকনাফে এনে পাহাড়ের আস্তানায় আটকে রাখা হয়েছিল। পরে শনিবার রাতে তাদের ট্রলারে তোলা হয়।
উদ্ধারকৃতরা বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।












