অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অতীতে দেশের শেয়ারবাজার জুয়ার আসরে ও ক্যাসিনোতে পরিণত হয়েছিল। বর্তমান সরকার নিয়ন্ত্রক সংস্থায় পরিবর্তন এনে এবং রাজনৈতিক নিয়োগের বাইরে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করে বাজার সংস্কার করছে বলে জানান তিনি। রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে পাঁচ বছরের অর্থনৈতিক কৌশলপত্র নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)।
ব্যাংকিং খাতের সংকটকে একটি বড় সমস্যা হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অতীতে ব্যাংক খাতে যে বিপুল দায় তৈরি হয়েছে, তা এক বা দুই মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। ধাপে ধাপে এই সংকট দূর করতে হবে। তবে আমানতকারীদের আস্থা ফেরানো সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি জানান, ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার প্রবণতা কমেছে এবং আমানত আবার ব্যাংকে ফিরছে। সরকার আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে।
তেল ও গ্যাস আমদানি প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম চড়া থাকায় তা কিনতে গিয়ে অর্থনীতিতে চাপ তৈরি হচ্ছে। অর্থনীতি বর্তমানে পুনরুদ্ধারের প্রক্রিয়ায় থাকায় আগামী কিছুদিন প্রবৃদ্ধির গতি কিছুটা কম থাকতে পারে বলে জানান তিনি। এছাড়া আগামী পাঁচ বছরে দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের রয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। সরকারি ও বেসরকারি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ এবং বাজেট বরাদ্দের সমন্বয়ের মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন:









