মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক তরুণী নিহত হয়েছেন। আনুমানিক ১৮ বছর বয়সী ওই তরুণীর পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। জাজিরা প্রান্ত থেকে একটি মোটরসাইকেলের পেছনে চড়ে মাওয়ার দিকে যাচ্ছিলেন ওই তরুণী। সেতুতে ওঠার পর চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালক গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।












