ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হোগলাকান্দি গ্রামে নিখোঁজের ছয় দিন পর ১০ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম মো. সাইদুল ইসলাম, সে একই গ্রামের মুন্সিবাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ওই বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুর দুই হাত পেছনে বাঁধা এবং মুখে স্কচটেপ লাগানো ছিল।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, গত ২০ নভেম্বর শুক্রবার বিকেলে দোকান থেকে শিঙাড়া কিনে আনার কথা বলে বাড়ি থেকে বের হয় সাইদুল। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি এবং শিশুটিকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হয়।

প্রতিবেশী ওই বাড়ির মালিক ফরিদা বেগম আজ বৃহস্পতিবার বিকেলে শৌচাগার থেকে বের হওয়ার সময় দুর্গন্ধ পান। বাড়ির সেপটিক ট্যাংকটি ভাঙা অবস্থায় দেখে তিনি পাড়া-প্রতিবেশী ও স্থানীয়দের বিষয়টি জানান। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা-পুলিশ গলিত মরদেহটি উদ্ধার করে।

পরনের কাপড় দেখে শিশুটিকে শনাক্ত করেন তার বড় ভাই জাহাঙ্গীর আলম। বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) জানান, খবর পেয়ে সন্ধ্যার দিকে সেপটিক ট্যাংক থেকে আনুমানিক ১০ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়; শিশুটির পেছন থেকে দুই হাত বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো ছিল।

বাড়ির মালিক ফরিদা বেগম বলেন, সাইদুল নিখোঁজ হওয়ার দিন তিনি বাড়িতে ছিলেন না, উপজেলার দশদোনায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পরে বাড়িতে ফিরে তিনি শোনেন, দোকান থেকে শিঙাড়া কিনতে গিয়ে সাইদুল নিখোঁজ হয়েছে।