সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত রিট কীভাবে শোনা ও নিষ্পত্তি করা হয়েছিল, তা নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যা দিতে হবে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নাইমা হায়দারকে। এমন নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। পদত্যাগ করা সাবেক এই বিচারপতিকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলের কাছে ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে দুই আইনজীবীকে আপাতত পেশা পরিচালনা থেকে বিরত রাখা হয়েছে। প্রথম আলো ও বাংলা ট্রিবিউন এ খবর জানিয়েছে।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রাথমিক তদন্ত চলার সময় গত ৫ ফেব্রুয়ারি ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন নাইমা হায়দার। সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রথম আলো জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নারীদের জন্য ৬০ শতাংশ কোটা ঠিকভাবে মানা হচ্ছে না—এমন অভিযোগে ২০২০ সালে চাকরিপ্রত্যাশীরা রিট করেন।
ওই রিটে নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ২০২৩ সালের ৯ আগস্ট রায় দেয়। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলে যোগ্য প্রমাণিত হলে আবেদনকারীদের নিয়োগ দিতে বলা হয় ওই রায়ে। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আরও কয়েকটি রিট হওয়ায় ২০২৩ ও ২০২৪ সালে বিভিন্ন সময়ে আরও রায় হয়।
২০২৩ সালের ৯ আগস্টের রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ আপিল করে; বাকি মামলাগুলোতে পৃথকভাবে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হয়। জাগো নিউজ ২৪ জানিয়েছে, রিট নিষ্পত্তির প্রক্রিয়ায় অনিয়ম ও অসংগতির অভিযোগের ভিত্তিতেই আপিল বিভাগ এই ব্যাখ্যা চেয়েছে।












