জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমামকে মিম্বর থেকে নামানো, মুসল্লিদের ওপর হামলা ও চুরির অভিযোগে করা হত্যাচেষ্টা মামলায় মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মোর হাবিবুর রহমান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, রিমান্ডে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তিনি ঘটনার দিন বায়তুল মোকাররমে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটকে রেখে তদন্ত চালিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৯ নভেম্বর আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ চলাকালে বায়তুল মোকাররম মসজিদে এক প্রবাসফেরত ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা চুরির ঘটনার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল।