গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে বিএনপির ছয় জন স্থানীয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার সকালে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে এক সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।
পদত্যাগকারী নেতারা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ–কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং ইউনিয়ন কমিটির সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান সাংগঠনিক পরিস্থিতিতে তাঁরা সন্তুষ্ট নন। এই কারণে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে তাঁরা সরে দাঁড়াচ্ছেন। ভবিষ্যতে দল কিংবা এর কোনো অঙ্গ সংগঠনের রাজনৈতিক কার্যক্রমে আর যুক্ত থাকবেন না বলেও তাঁরা উল্লেখ করেন।
এদিকে পদত্যাগের বিষয়ে বক্তব্য জানতে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।












