ফুটবল জাদুকর লিওনেল মেসির স্কুলজীবনের একটি নম্বরপত্র বা মার্কশিট সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিওর ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময়কার এই নম্বরপত্রটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ঠিক কীভাবে এই মার্কশিট ফাঁস হলো, তা জানা যায়নি।
ভাইরাল হওয়া ওই নম্বরপত্র থেকে জানা যায়, শৈশবে পড়াশোনার পাশাপাশি নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে ফুটবল খেলে কাটাতেন মেসি। পড়াশোনায় তার ফলাফল ছিল মিশ্র। শারীরিক শিক্ষায় তিনি দশে দশ বা পূর্ণ নম্বর অর্জন করেছিলেন। এ ছাড়া শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮ এবং নৈতিকতা ও নাগরিক শিক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিল ৭।
অন্যদিকে গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা এবং প্রযুক্তির মতো বিষয়গুলোতে মেসি পেয়েছিলেন ৬ নম্বর করে। তৎকালীন সময়ে তার এই ফলাফল নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা। ফুটবল মাঠে বিশ্বজয় করা এই তারকার স্কুলজীবনের এমন টুকরো তথ্য দেখতে ভিড় জমিয়েছেন ভক্তরা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন।












