তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাংলাদেশের সামনে তীব্র জ্বালানি ও অর্থনৈতিক সংকট তৈরির আশঙ্কা করা হচ্ছে। ‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের জন্য এমআইডিআই মাস্টারপ্ল্যান’ শীর্ষক নতুন একটি প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামো বাড়ানোর ফলে ২০৪০ সালের মধ্যে দেশের বার্ষিক এলএনজি আমদানি বিল সর্বোচ্চ ২৫.৮ বিলিয়ন বা প্রায় ২ হাজার ৫৮০ কোটি ডলারে পৌঁছাতে পারে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, এই অতিরিক্ত এলএনজি আমদানির ফলে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গমন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি তৈরি হবে। মহেশখালী-মাতাবাড়ী এলাকায় গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা এই শঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে।
এদিকে রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের বক্তারা জানান, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ছয় মাসে এলএনজি আমদানিতে সরকারকে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এই পরিস্থিতি এড়াতে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ না করে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।











