সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে যশোরের এক যুবককে বিয়ে করেছেন মালয়েশিয়ান তরুণী নুর হায়াতি। বিয়ের জন্য তিনি গত ১৯ নভেম্বর বাবা-মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন।
গত ২৩ নভেম্বর যশোরের আদালতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। পরে যশোর পৌর এলাকার নিকাহ রেজিস্ট্রার কার্যালয়ে বিয়ে নিবন্ধিত হয় এবং ২৪ নভেম্বর কাবিননামা নোটারি পাবলিকের কাছে সত্যায়িত করা হয়। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকাবাসীকে তাঁদের বিয়ের বিষয়টি জানানো হয়।
বিয়ে করা যুবক সোহাগ হুসাইন যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নেলুফা ইয়াসমিন দম্পতির ছেলে। তিনি কিশোর বয়সে শিক্ষার্থী ভিসায় মালয়েশিয়ায় গিয়েছিলেন এবং পরবর্তীতে কুয়ালালামপুরে ওয়ার্কশপ ও ঠিকাদারির কাজ শুরু করেন। সেখানে প্রবাসজীবনে থাকাকালীন নুর হায়াতির সঙ্গে তাঁর পরিচয় হয়।
কাবিননামা অনুযায়ী, বর ও কনে দুজনেরই জন্ম ১৯৯৯ সালে। তাঁদের ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়েছে। নুর হায়াতির বাবা আমরান বিন আহমাদ ও মা জাওয়ারিয়াহ বিনতে সুলাইমান।











