ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী দলের নেতা গাদি আইজেনকটের সঙ্গে মিলে একটি ঐক্য সরকার গঠনের পরিকল্পনা করছেন। গণমাধ্যম চ্যানেল ১৩–এর তথ্য অনুযায়ী, প্রস্তাবিত ব্যবস্থায় প্রথমে আইজেনকট এবং পরবর্তীতে নেতানিয়াহু প্রধান মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তবে নেতানিয়াহুর ঘনিষ্ট সহকারীদের মধ্যে এই কৌশল নিয়ে মতবিরোধ রয়েছে বলে জানা গেছে।
অপরদিকে, দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে যে অনানুষ্ঠানিক উপায়ে প্রস্তাবটি আইজেনকটের কাছে পাঠানো হয়েছে। তবে চ্যানেল ১৩–এর খবর অনুযায়ী, নেতানিয়াহুর এই উদ্যোগে বিরোধী নেতা খুব একটা আস্থাশীল নন। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে সরকার গঠনের প্রাথমিক মেয়াদ শেষ হওয়ার কথা থাকায় তিনি সে অনুযায়ী নিজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।
এর আগে মধ্যপন্থী দল ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট এবং লিকুদ পার্টির প্রধান নেতানিয়াহুর মধ্যকার আলোচনা কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়। তবে পরবর্তীতে আবারও বৈঠক করার ঘোষণা দেওয়া হয়েছে। কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে দেশটিতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, লিকুদ পার্টির সঙ্গে আলোচনায় বড় কোনো অগ্রগতি না হওয়া সত্ত্বেও মনোনীত প্রধানমন্ত্রী গাদি আইজেনকট আগামী আটদিনের মধ্যে নতুন সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি দুটি জোট চুক্তি স্বাক্ষরের কথা জানান এবং সরকার গঠনের কাজ এগিয়ে নেওয়ার ঘোষণা দেন।











