দেশের বিভিন্ন স্থানে গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিবরণীতে বলা হয়েছে, এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি গ্রামীণ পর্যায়ে ঋণ বিতরণ ও গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে। তবে এসব ঘটনার নেপথ্যে কারা জড়িত বা কোন কোন জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিতে সুনির্দিষ্ট কোনো বিবরণ দেওয়া হয়নি।

এদিকে গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার দুবলিয়া বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় কার্যালয়ের বাইরের বারান্দার দেয়ালে সামান্য আগুন ধরলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া ময়মনসিংহেও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালানোর মতো ঘটনা ঘটেছে।

সার্বিক এই পরিস্থিতিতে গ্রামীণ ব্যাংকের গ্রামীণ পর্যায়ের কার্যক্রম ও গ্রাহকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।