বাংলাদেশের দ্রুত বর্ধনশীল আটটি শহরে নিরাপদ, নির্ভরযোগ্য ও জলবায়ু-সহনশীল পানি সরবরাহ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থার প্রসারে ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন' প্রকল্পের মাধ্যমে দেশের নির্দিষ্ট আটটি শহরে এই কার্যক্রম পরিচালিত হবে। এই উদ্যোগের ফলে প্রায় ৯ লাখ মানুষ উন্নত পানি ও স্যানিটেশন সুবিধার আওতায় আসবেন বলে জানানো হয়েছে।

প্রকল্পের আওতায় দীর্ঘ পাইপলাইন নেটওয়ার্ক স্থাপন এবং স্মার্ট মিটারযুক্ত গৃহস্থালি সংযোগ তৈরি বা পুনর্বাসনের কাজ করা হবে। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবা উন্নত হবে বলে আশা করা হচ্ছে।