শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এমপিওভুক্ত যেসব শিক্ষক ক্লাস বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল ও মিটিংয়ে অংশ নেবেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকদের মূল দায়িত্ব শ্রেণিকক্ষে পাঠদান করা বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী এ কথা বলেন বলে বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মিলন বলেন, বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘যখন তখন মিছিল-মিটিং করে রাষ্ট্রদ্রোহ কাজ করবেন না।’

শিক্ষায় আর কোনো দুর্নীতি হবে না এবং দেশে আর নকল চলবে না বলেও ওই অনুষ্ঠানে মন্ত্রী জানান বলে দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছে।

কোচিং সেন্টারে পাঠদানের বিষয়ে দুই সংবাদমাধ্যমের বর্ণনায় পার্থক্য রয়েছে। দৈনিক ইত্তেফাকের শিরোনামে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না। অন্যদিকে বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ানোর বিষয়টি সরকার নজরে রাখছে। ইত্তেফাকের প্রতিবেদনে মন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, অনেক শিক্ষক ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান এবং তিনি তাঁদের তালিকা করছেন।