দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি কিংবা সমমান পর্যায়ের সব ছাত্রীকে সরকারি উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার নতুন নির্দেশনা জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির নির্দেশনা অনুযায়ী, জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের অ্যাকাউন্টে উপবৃত্তির অর্থ পাঠানো হবে। তবে যেসব ছাত্রী ইতিমধ্যে এই কর্মসূচির আওতায় রয়েছে কিংবা সফটওয়্যারে যাদের তথ্য অন্তর্ভুক্ত আছে, তাদের নতুন করে হিসাব খুলতে হবে না। ছাত্রদের ক্ষেত্রে উপবৃত্তির পূর্বের নিয়ম বহাল থাকবে।
এদিকে, উপবৃত্তির জন্য তথ্য অন্তর্ভুক্তির অনলাইন কার্যক্রম ২৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। আগামী ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। নতুন ফরমে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পরিবারের আয়-ব্যয়, জমির পরিমাণ এবং জুলাইযোদ্ধা ও ফ্যামিলি কার্ড সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে বলে জানা গেছে।












