অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সামাজিক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সিদ্ধান্তে এ ব্যবস্থা নেওয়া হয়। সোমবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেটের বৈঠকে সিদ্ধান্তগুলো হয় বলে মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমুজাদ্দাদে আলফাসানে।
যাঁরা সাময়িক বরখাস্ত হয়েছেন তাঁরা হলেন হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে বলে উপ-উপাচার্য জানান।
এছাড়া ছুটির মেয়াদ শেষের পর কর্মস্থলে যোগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রারের কাছে সশরীর উপস্থিত হয়ে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। উপ-উপাচার্য বলেন, ওই দুজনের অবস্থান সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত নয়।
বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, সিন্ডিকেট মোট ছয় শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে দুই শিক্ষকের সাময়িক বরখাস্ত, সাবেক উপাচার্যসহ দুইজনকে সাত কর্মদিবসে সশরীরে হাজির হয়ে রিপোর্ট করার নির্দেশ এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গঠনের সিদ্ধান্ত। প্রথোম আলোর প্রতিবেদনেও সিন্ডিকেটের পক্ষ থেকে দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশের কথা উল্লেখ করা হয়েছে।












