টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে একটি বটগাছ ও একটি পাকুড়গাছের প্রতীকী বিয়ে সম্পন্ন হয়েছে। মানুষের বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান অনুসরণ করে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রুহিৎপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো একটি বট ও পাকুড়গাছ পাশাপাশি জড়াজড়ি করে ছিল। ২০২৩ সালের অক্টোবরের এক ঝড়ে গাছ দুটি ভেঙে গেলে, স্থানীয় লোকজন তাদের স্মৃতি ধরে রাখতে পাশে নতুন করে একটি বট ও একটি পাকুড়ের চারা রোপণ করেন। গত তিন ধরে পরিচর্যার পর গাছ দুটি বড় হলে গ্রামের মুরব্বিরা আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের সিদ্ধান্ত নেন।
বিয়েতে পাকুড়গাছকে বর এবং বটগাছকে কনে সাজানো হয়। পাকুড়গাছের গায়ে ধুতি, গামছা ও মাথায় টোপর পরানো হয় এবং একটি ডালে ঝোলানো হয় ছাতা। অন্যদিকে বটগাছে পরানো হয় হলুদ শাড়ি, লাল ব্লাউজ ও শাখা। গাঁদা ফুলের মালায় গাছ দুটিকে একসঙ্গে বাঁধা হয়।
বিয়েতে পুরোহিতের মন্ত্রপাঠ, অগ্নিসাক্ষী রাখা, শুভদৃষ্টি এবং সাত পাক ঘোরার মতো প্রথাগুলো পালন করা হয়। এই আয়োজনে বরযাত্রীসহ আশপাশের এলাকার পাঁচ শতাধিক অতিথি অংশ নেন। অতিথিদের জন্য সবজি-খিচুড়ি ও পায়েসের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউট বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের আহ্বায়ক মোড় সোহাগ মিয়া জানান, এই ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশা করছেন।












