ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় পারিবারিক কলহ ও স্ত্রীদের মধ্যকার দৈনিক ঝগড়ায় অতিষ্ঠ হয়ে দুই নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এই অভিযোগে দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত দুই নারী হলেন মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত দুই ভাই হলেন অ্যাম্বুলেন্সচালক শিব শঙ্কর সাহু এবং নবীন সাহু। স্ত্রীদের দীর্ঘদিনের ঝগড়াঝাঁটিতে অতিষ্ঠ হয়ে তারা এই হত্যাকাণ্ড ঘটান। হত্যার পর মরদেহ পার্শ্ববর্তী একটি জেলার জঙ্গলে নিয়ে পুঁতে রাখা হয়।

এ ঘটনায় কেবল দুই ভাই-ই নন, তাদের মা-বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন অভিযুক্তদের বাবা সমেশ্বর সাহু এবং মা তিলেশ্বরী দেবী। গুমলার পুলিশ সুপার হ্যারিস বিন জামা এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানিয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।