আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪টি জেলার প্রতিটিতে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত শনিবার রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশন–ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের (আইএফকেএফ–ডব্লিউকেএ) ২০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশে এখন প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। অনেকেই জানেন না যে তাঁদের কিডনি রোগ হয়েছে; রোগ নির্ণয়ের অভাবে অনেক ক্ষেত্রে ধীরে ধীরে বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। কিডনি রোগ সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নির্ণয়ের পাশাপাশি কিডনি পরিষেবা যুক্ত করা হবে। এ জন্য নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান। দেশের প্রতিটি উপজেলায় কিডনি রোগী শনাক্ত করার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।
এম এ মুহিত বলেন, দেশে এখন ১৪৬টি ডায়ালাইসিস সেন্টার আছে, যার বেশির ভাগই রাজধানী বা বড় শহরগুলোতে এবং এর বড় অংশ বেসরকারি খাতে। সরকার চায় কিডনি সেবা সারা দেশে ছড়িয়ে দিতে।






