যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতি নিয়ে রানওয়ের দিকে যাওয়ার সময় আমেরিকান এয়ারলাইনসের দুটি যাত্রীবাহী উড়োজাহাজের ডানায় সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, একটি উড়োজাহাজ অন্যটির ডানায় আঘাত হেনেছে। এর ফলে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ২১৫২-এর ডানা ক্ষতিগ্রস্ত হয়, যা ফ্লাইট ৬৩৮-এর কারণে ঘটেছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের অডিও রেকর্ডিংয়ে দুটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজের মধ্যে এই ধাক্কা লাগার কথা উঠে এসেছে।
এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর উড়োজাহাজ দুটিকে দ্রুত গেটে ফিরিয়ে নেওয়া হয়। রক্ষণাবেক্ষণ দল সেগুলোর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে এবং বর্তমানে বিমান দুটির কার্যক্রম স্থগিত রয়েছে।
কী কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করবে এফএএ। উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে একই বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজ ও সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ৬৭ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।











