গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সাইজুউদ্দিন মোল্লার বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সকালে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বাড়েন্ডা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে সাইজুউদ্দিন মোল্লাকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর মাত্র এক দিন পর শনিবার সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে একদল দুর্বৃত্ত তাঁর বাড়িতে হানা দেয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, আগুন দেওয়ার আগে দুর্বৃত্তরা ঘরটিতে লুটপাট চালায়। পরে তারা বসতঘরে আগুন ধরিয়ে দিলে আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল হক জানান, আগুন লাগার পেছনে বৈদ্যুতিক গোলযোগের কোনো আলামত পাওয়া যায়নি। তবে বাড়ির উত্তর পাশের নিচতলার একটি জানালার লক ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই জানား দিয়ে ভেতরে প্রবেশ করে আগুন লাগিয়ে থাকতে পারে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান জানান, সাবেক ওই কাউন্সিলরকে আগেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আর তাঁর বাড়িতে অগ্নিসংযোগের পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।












