কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে রান্না করা চিংড়ি খাওয়ার পর অসুস্থ হয়ে মো. ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন বলে দৈনিক ইত্তেফাক ও জাগো নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাসিন্দা। ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, খাবারের সময় চিংড়ি মাছ খাওয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি এ তথ্য জানিয়েছে।
বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দুপুরে দ্বীপে রান্না করা চিংড়ি খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি দুই বন্ধুকে নিয়ে ঘুরতে এসেছিলেন। শিয়াম নামে এক বন্ধু বলেন, “আমরা তিন বন্ধু একসঙ্গে ঘুরতে এসেছিলাম। কিন্তু বন্ধুর লাশ নিয়ে ফিরতে হবে, কখনো ভাবিনি।”
জাগো নিউজ জানিয়েছে, অসুস্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ওই পর্যটকের মৃত্যু হয়। প্রতিবেদনগুলোর কোথাও মৃত্যুর নির্দিষ্ট কারণ সম্পর্কে চিকিৎসকদের বক্তব্য উল্লেখ করা হয়নি।












