সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে মানিকগঞ্জ থেকে এক কিশোরীকে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে চেন ইয়ং (৪১) নামের এক চীনা নাগরিকের বিরুদ্ধে। ঘটনার ছয় দিন পর রাজধানী ঢাকার উত্তরার একটি বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত ওই নাগরিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী মানিকগঞ্জ সদর উপজেলার একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী। গত ১৭ নভেম্বর সে স্কুল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পরদিন তার পরিবার মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

নিখোঁজ হওয়ার ছয় দিন পর গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী কিশোরী মুঠোফোনে তার বড় বোনের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহার করে অবস্থান নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। ওই দিন রাতে উত্তরার একটি ভবনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত চীনা নাগরিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, টিকটক অ্যাপের মাধ্যমে ওই শিক্ষার্থীর সঙ্গে চীনা নাগরিকের পরিচয় হয়েছিল। পরে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রাখা হয় এবং সেখানে একাধিকবার নির্যাতন চালানো হয়। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।