দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য খালি থাকা বিভিন্ন বাসা ও ফ্ল্যাট অনলাইন পদ্ধতিতে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর থেকে গত ১৯ নভেম্বর এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত যোগ্যতা ও প্রাধিকার অনুযায়ী বিভিন্ন গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য বাসা বরাদ্দ দেওয়া হবে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য আজিমপুর, ইস্কাটন, ধানমন্ডি ও মিরপুর এলাকার ফ্ল্যাট বরাদ্দ রয়েছে। ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য শাহজাহানপুর, সোবহানবাগ, মোহাম্মদপুর, মিরপুরের ন্যাম গার্ডেন ও পাইকপাড়া এলাকার বাসা নির্ধারিত রয়েছে।
এ ছাড়া সপ্তম, অষ্টম ও নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য শাহজাহানপুর ও গ্রিন রোড এলাকায় ডি-১ শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে। ১০ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদেরও নির্দিষ্ট শর্তে আবেদনের সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।












