বরিশালের উজিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানোর ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকার একটি কার্যালয়ে এই হামলা চালায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন ও পুলিশের সূত্রে জানা যায়, ভোরে মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি ব্যাংক কার্যালয়ের সামনে আসেন। এ সময় তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রলবোমা কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান। বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনার পর উজিরপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।