রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, থাইল্যান্ডগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওঠার জন্য তিনি বিমানবন্দরে এসেছিলেন। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়। তেজগাঁও থানার একটি মামলার সূত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
গ্রেপ্তারের পর তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে সুইডেন আসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বর্তমানে ডিবির পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এর আগে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম ও হত্যার অভিযোগে অভিযুক্ত সুইডেন আসলাম দীর্ঘ ২৭ বছর কারাবাসের পর ২০২৪ সালে জামিনে মুক্তি পেয়েছিলেন।











