বাংলাদেশের সিরামিক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দলগত কাজের সংস্কৃতি বাড়াতে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে 'বিসিএমইএ ফুটবল কাপ ২০২৬'। আগামী ২৭ নভেম্বর ঢাকার বেরাইদের অ্যাথলেটস হাবে এই টুর্নামেন্টের খেলা শুরু হবে।

গত ২২ নভেম্বর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় প্রতিযোগিতার ট্রফি ও জার্সি উন্মোচন করা হয় এবং দলগুলোর মধ্যকার গ্রুপ ড্র সম্পন্ন হয়। 'টিমওয়ার্ক বিয়ন্ড বিজনেস' প্রতিপাদ্য সামনে রেখে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এতে দেশের সিরামিক খাতের ১২টি উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি এবং মনো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তিনি জানান, নিয়মিত ব্যবসায়িক কার্যক্রমের বাইরে সংশ্লিষ্ট অংশীজনদের একত্রিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যকর প্রতিযোগিতা ও দলগত কাজের মাধ্যমে পেশাগত বন্ধন দৃঢ় করতেই এই আয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিএমইএ-র জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং ফুটবল টুর্নামেন্ট নীতি নির্ধারণী কমিটির চেয়ারম্যান আবদুল হাকিম সুমন। আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট সিরামিক খাতের ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে।