নেত্রকোনায় ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন ভেবে গাড়িটি থামানোর চেষ্টা করেন এবং গাড়ি না থামানোয় পিছু নিয়ে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। হামলার সময় গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। ঘটনার এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে ওয়াসেক বিল্লাহকে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে মানুষের সাহায্য চাইতে শোনা যায়। তিনি বলতে শোনা যান, ‘আমাদেরকে বাঁচান... ডাকাত ডাকাত!’ এবং নিজেকে ‘নওমুসলিম ওয়াসেক বিল্লাহ নোমানী’ হিসেবে পরিচয় দেন। ডাকাতের কবলে পড়েছেন ভেবে তিনি এভাবে সাহায্য চাইছিলেন বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।
নোমানীর ঘনিষ্ঠজন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেত্রকোনা-২ আসনের প্রার্থী মাওলানা আবদুল কাইয়ুম সাংবাদিকদের বলেন, মাহফিল শেষে গভীর রাতে নোমানী ও তাঁর সঙ্গীরা নেত্রকোনার একটি ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে পূর্বধলার নিজেদের বাড়ির পথে রওনা দেন। চল্লিশা এলাকার বাইপাস সড়কে পৌঁছালে হাতে লাঠি নিয়ে কয়েকজন গাড়িটি থামানোর চেষ্টা করে। নোমানী তাঁদের ডাকাত ভেবে চিৎকার করেন এবং গাড়ি না থামিয়ে এগিয়ে যেতে নির্দেশ দেন। এরপর আরও কয়েকজন মোটরসাইকেলে গাড়িটির পিছু নেন বলে কাইয়ুমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না বা কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনগুলোতে কিছু বলা হয়নি। পুলিশের কোনো বক্তব্যও ওই প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়নি।












