জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের লোকজন বাসে আগুন দেওয়ার মতো ঘটনার পাশাপাশি ভিডিও বানিয়ে এখন ছোট ছোট ‘কনটেন্ট ক্রিয়েটারে’ পরিণত হয়েছে। আওয়ামী লীগের ‘পতিত সন্ত্রাসবাদ’ মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্তে এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন বলে ইত্তেফাক, বাংলা ট্রিবিউন ও আজকের পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘একবার বিমান পাঠাও, গাড়ি পাঠাও, একবার বর্ডার চেক করে দেখো—এগুলো নাটক।’ তিনি বলেন, ‘যে বলে পালিয়ে যাব না, শেষে সে চলে যায়; যে বলে আসি আসি, সেও আর আসে না।’
আজকের পত্রিকা লিখেছে, শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন করেন, ‘উনি কি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে?’ ওই প্রতিবেদন অনুযায়ী তিনি আরও বলেন, তাঁরাও চান হাসিনা ফিরে আসুক; আর ফিরলে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।
বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী হাসনাত আবদুল্লাহ বলেছেন, হাসিনা দেশে ফিরলে জনগণ তাঁকে ফাঁসির মঞ্চে এগিয়ে দেবে।












