নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে আইনের কার্যকর প্রয়োগ, প্রাতিষ্ঠানিক জবাবদিহি, সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য সহজলভ্য সহায়তা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক জাতীয় সংলাপে এই দাবি ওঠে।

সংলাপে অংশ নেওয়া বিশেষজ্ঞদের মতে, শুধু আইন প্রণয়ন ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে এ ধরনের সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। তাঁদের মতে, একই সঙ্গে বিচার প্রক্রিয়ায় জবাবদিহি, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।

বক্তারা বিচারপ্রক্রিয়া দ্রুততর করা এবং সহিংসতার শিকার ব্যক্তিদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক জবাবদিহির ঘাটতি দূর করার আহ্বান জানানো হয়।

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ভুক্তভোগীদের জন্য সহায়তা সেবা সহজলভ্য করার বিষয়টিও সংলাপে উঠে আসে।