স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যকে রাজধানী থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এলাকার ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) গুলশান বিভগের উপকমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আটকের পর সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, স্বপন ভট্টাচার্য ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যশোর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।