নেত্রকোনা শহরে ছাত্রদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও একটি চিরকুট দড়িতে ঝুলিয়ে রেখে গেছে অজ্ঞাত ব্যক্তিরা। রোববার (২৯ নভেম্বর) সকাল ছয়টার দিকে শহরের সাতপাই এলাকার কেডিসি রোড-সংলগ্ন ওই কার্যালয়ের সামনে এসব জিনিস ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

হুমকির শিকার ব্যক্তির নাম মো. আমিরুল ইসলাম। তিনি নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। সাতপাই এলাকার বাসিন্দা তাঁর বাবা আকরাম হোসেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সকালে ঘটনাটি জানার পর আমিরুল কার্যালয়ে যান।

চিরকুটে লেখা আছে, ১৬ ডিসেম্বর পর্যন্ত তাঁকে সময় দেওয়া হলো, এরপর মোক্তারপাড়ার জুলাই চত্বরে নিয়ে মারধর করে ছয়টি গুলি চালিয়ে তাঁকে হত্যা করা হবে। চিরকুটে আরও বলা হয়েছে, তাঁর বাড়ি নেত্রকোনা থেকে সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এর শেষে ‘সর্বহারা গ্রুপ’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ দুটি স্লোগানের কথা উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হন, পরে পুলিশ ঘটনাস্থলে যায়।

আমিরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কারা এ কাজ করেছে, তা বুঝতে পারছি না।’ তিনি জানান, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চান।