পুঁজিবাজারের এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) বোর্ডের সেকেন্ডারি বাজারে শেয়ার কেনাবেচা সহজ করতে বিনিয়োগসীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সাধারণ বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মে মাসে বিনিয়োগসীমা বাড়িয়ে ৩০ লাখ টাকা করা হয়েছিল। কমিশনের সাম্প্রতিক এই সিদ্ধান্তের ফলে সেই পূর্বের সিদ্ধান্তটি এক প্রকার পরিহার করা হলো। সংশোধিত এই নির্দেশনা জারির পর তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বিনিয়োগসীমা দুই-তৃতীয়াংশ কমানোর এই পদক্ষেপে এসএমই খাতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে এবং লেনদেন বাড়াতে সহায়তা করবে। এছাড়া এই বোর্ডে ডিজিটাল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার সুযোগ রাখা হয়েছে বলেও জানানো হয়।








