নিত্যপ্রয়োজনীয় পণ্যের জোগান সচল রাখা, খাদ্যনিরাপত্তা জোরদার করা এবং আমদানির বিকল্প উৎস তৈরি করার উদ্দেশ্যে বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বাণিজ্য সংস্থা দুটির মধ্যে পাঁচ বছরের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই এমওইউ স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার এতে সই করেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং দুই দেশের সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সমঝোতা স্মারকের আওতায় দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের চাহিদা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডালসহ নানা নিত্যপণ্য, কৃষিপণ্য ও কৃষি উপকরণ আমদানি-রপ্তানি করতে পারবে। সম্ভাব্য পণ্যের তালিকায় রয়েছে সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি এবং ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অয়েলসহ বিভিন্ন ভোজ্যতেল। এ ছাড়া তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা ও আনারসও এই সহযোগিতার অন্তর্ভুক্ত।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো পক্ষ নির্দিষ্ট কোনো পণ্য নিতে চাইলে সে ক্ষেত্রে পণ্যের মান, পরিমাণ ও স্পেসিফিকেশন নিয়ে আলোচনা হবে। নতুন এই সমঝোতার মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে সরাসরি সরকারি পর্যায়ে (জি-টু-জি) বাণিজ্যের নতুন সুযোগ তৈরি হলো।