পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভায় গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার এ উদ্যোগ নিয়েছে এবং শ্রমিকদের বেতন অবশ্যই বাড়ানো হবে। কোনো বাড়ির মালিক নির্দেশনা অমান্য করে ভাড়া বাড়ালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
১৮ দিনে ৪২৮ মিলিয়ন ডলার উৎপাদন ক্ষতি
এদিকে পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে দেশের ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সংগঠনটি এ তথ্য জানাল।
মজুরি বোর্ডের সভা সোমবার
এর মধ্যে গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মজুরি বোর্ডের তৃতীয় সভা সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।










