বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সদস্য হিসেবে থাকার ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে সরকার। ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এ সংশোধনী আনা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই খসড়া চূড়ান্ত করেছে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রতিনিধিরা ব্যাংক পরিচালক হিসেবে দায়িত্ব পালনের যোগ্য বলে বিবেচিত হবেন না। রাজনৈতিক পদধারীদেরও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হবে।

এছাড়া ব্যাংক পরিচালকদের টানা মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছরে নামিয়ে আনা, একই পরিবারের সদস্যদের আধিক্য কমানো এবং স্বাধীন পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে খসড়ায়। রাজনৈতিক প্রভাব কমাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

খসড়াটি চলতি সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হতে পারে এবং পরবর্তীতে তা অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার। তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক ব্যক্তিদের ব্যাংক বোর্ড থেকে দূরে থাকাই শ্রেয়।