সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দোকান মালিক সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সপ্তাহের কোন তিন দিন রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে, তা এক–দুই দিনের মধ্যে ব্যবসায়ীদের সঙ্গে বসে ঠিক করা হবে বলে সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রথম আলোকে জানিয়েছেন। বাকি তিন দিন এসব প্রতিষ্ঠান রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বৈঠকে সৌরবিদ্যুৎ স্থাপনে আগ্রহী বিপণিবিতান মালিকদের ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়। দোকান মালিক সমিতির ভাষ্য অনুযায়ী, সোলার প্যানেল মানসম্মত হতে হবে এবং সে জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, বিদ্যুৎসচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন।