ছোটপর্দার জনপ্রিয় মুখ খায়রুল বাসার ও সারিকা সাবাহ প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় জুটি বেঁধে আসছেন। মুশফিকা মাসুদ পরিচালিত 'সেলফি' নামের একটি ওয়েব ফিল্মে তাঁদের একসঙ্গে দেখা যাবে। এক ঘণ্টার এই কনটেন্টটি নিয়ে দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
পরিচালকের সূত্রে জানা যায়, নিউইয়র্কে ফিল্ম স্কুলে পড়ার সময় একটি স্বল্পদৈর্ঘ্য হরর ফিল্ম হিসেবে এর গল্পটি তৈরি হয়েছিল। পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে এটি উপস্থাপনের পর হরর, রোমান্স ও থ্রিলার উপাদানের সমন্বয়ে এটিকে পূর্ণাঙ্গ ওয়েব ফিল্ম হিসেবে রূপ দেওয়া হয়।
এই ওয়েব ফিল্মটিতে খায়রুল বাসার ও সারিকা সাবাহ ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা ফজলুর রহমান বাবু। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, আগামী ১০ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিনেমাটি।










