চীনের মা পদবিধারী এক কর্মকর্তাকে বিদেশি এক দেশের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে গোল্ড ওয়াল প্রেস। চীনের রাষ্ট্রীয় গোপনীয়তা সুরক্ষা প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ওই প্রকাশনা সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা একটি অজ্ঞাত দেশের কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করেছেন বলে দাবি করেছে সংস্থাটি।
গোল্ড ওয়াল প্রেসের বরাত অনুযায়ী, ওই কর্মকর্তা বিদেশে কাজ করার সময় অজ্ঞাত এক বিদেশি গোয়েন্দা সংস্থার সংস্পর্শে আসেন এবং সংস্থাটি তাঁকে নিয়োগ করে। তিনি ১,৫০,০০০ ডলারের বেশি অর্থ পেয়েছিলেন বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।
সিএনএ-ও ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে মাকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে, বিদেশে দায়িত্ব পালনকালে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা তাঁকে নিয়োগ করেছিল বলে জানা গেছে।
কোন দেশ বা কোন গোয়েন্দা সংস্থার সঙ্গে তিনি জড়িত ছিলেন, তা কোনও প্রতিবেদনে বলা হয়নি। মৃত্যুদণ্ড কখন বা কোথায় দেওয়া হয়েছে, বা তাঁর পক্ষে আইনজীবী ছিল কি না, সে তথ্যও ওই প্রতিবেদনগুলোতে নেই। প্রতিবেদনে অভিযুক্তের পুরো নাম প্রকাশ করা হয়নি; কেবল পদবি মা জানানো হয়েছে।












