ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি কিংবা পদায়ন হওয়ার পরও যারা সরকারি বাসা ছাড়বেন না, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকারি আবাসন পরিদফতর। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও সরকারি বাসা দখলে রাখলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে দ্বিগুণ হারে বাড়িভাড়া আদায় করা হবে।

সরকারি আবাসন পরিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বরাদ্দ বিধিমালা-১৯৮২ অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের বদলির পর নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি বাসভবন ছাড়তে হয়। নিয়ম অনুযায়ী, বদলির আদেশ জারির পর সর্বোচ্চ দুই মাসের মধ্যে বাসার দখল ছেড়ে দিতে হবে।

তবে কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের লেখাপড়ার বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে সরকারি অনুমোদন সাপেক্ষে এই সময়সীমা সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। নির্ধারিত ওই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও যারা বাসা খালি করবেন না, তাদের ওপর দ্বিগুণ ভাড়ার এই নিয়ম কার্যকর করা হবে। সরকারি আবাসন ব্যবস্থার সুশৃঙ্খল পরিচালনা নিশ্চিত করতে এই নির্দেশনা কঠোরভাবে পালন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।