ঢাকার একজন ব্যাটারিচালিত রিকশাচালক মাসে গড়ে ২৯ হাজার টাকা আয় করেন। তবে এই আয়ের একটি বড় অংশ অর্থাৎ প্রায় ১০ হাজার ৩২৩ টাকা রিকশাপুরের মালিককে ভাড়া হিসেবে দিতে হয়। অর্থাৎ তাদের মোট আয়ের প্রায় ৩৮ দশমিক ৬ শতাংশ চলে যায় মালিকের পকেটে।
মঙ্গলবার রাজধানীতে সিরডাপ মিলনায়তনে ‘ব্যাটারিচালিত রিকশা: জীবিকা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই রূপান্তর’ শীর্ষক নীতি সংলাপে ব্র্যাক এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ গবেষণার এই তথ্য প্রকাশ করা হয়। গবেষণাটি পরিচালনা করা হয় ‘বাংলাদেশের ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা’ শীর্ষক শিরোনামে। ঢাকা ও বরিশালের ৪৫০ জন চালকের ওপর জরিপ চালিয়ে জুন ও জুলাই মাসে এই তথ্য সংগ্রহ করা হয়।
গবেষণার তথ্য অনুযায়ী, জরিপে অংশ নেওয়া চালকদের ৭৮ দশমিক ২ শতাংশ রিকশা ভাড়া নিয়ে চালান এবং ১৮ শতাংশের নিজস্ব যান রয়েছে। ঢাকার চালকদের ৭৮ দশমিক ৩ শতাংশই অন্য জেলা থেকে এসেছেন। তাদের মধ্যে ৮৪ দশমিক ২ শতাংশ রাজধানীতে এসেছেন নিজ এলাকায় কর্মসংস্থানের সুযোগের অভাবে।
এছাড়াও জরিপে উঠে এসেছে, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ হয়ে গেলে ৬২ দশমিক ৯ শতাংশ চালক এক সপ্তাহও পরিবারের ব্যয় চালাতে পারবেন না। বিগত এক বছরে প্রায় ৪২ দশমিক ২ শতাংশ চালক বড় ধরনের জীবিকা সংকটের মুখে পড়েছিলেন।












