ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব শাখা মেটার বিরুদ্ধে আরও বিক্ষোভের হুশিয়ারি দিয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানটির স্থানীয় কার্যালয় থেকে তাদের কিছু সদস্যের অ্যাকাউন্ট মুছে ফেলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এর আগে শুক্রবার হায়দ্রাবাদে মেটার কার্যালয় অবস্থিত এমন একটি ভবনে প্রবেশ করে বিক্ষোভ করেন দলটির কর্মীরা।
বিক্ষোভের সময় কর্মীরা প্লাকার্ড বহন করেন এবং স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভারতীয় যুব কংগ্রেসের ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা ভবনের ভেতরের গাছপালা মাটিতে ফেলে ভাঙচুর করছেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন।
এদিকে চ্যানেল নিউজ এশিয়ার (সিএনএ) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের আপত্তিজনক সোশ্যাল মিডিয়া কনটেন্ট অপসারণের কঠোর পদক্ষেপের কারণে দেশটিতে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক বাড়ছে।












