গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসায় হামলা, ভাঙচুর এবং শিক্ষককে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে হাজির হয়ে জামিন লাভ করেছেন ভুক্তভোগী এক শিশুর অভিভাবক শাহজালাল রুমি। বৃহস্পতিবার তিনি গাজীপুর আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৩ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন। উচ্চ আদালতের সেই নির্দেশনার নির্ধারিত সময়সীমার মধ্যেই তিনি আজ আদালতে এসে আত্মসমর্পণ করলেন।

উল্লেখ্য, টঙ্গীর একটি মাদ্রাসায় শিক্ষককে থাপ্পড় মারার ঘটনার পর তিনি আলোচনা আসেন এবং গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে ওই ঘটনায় মাদ্রাসায় ভাঙচুর ও শিক্ষককে মারধরের সুনির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।