ইনস্টাগ্রামের পরিচয়ের মাধ্যমে তৈরি হওয়া প্রেমের টানে ভারতের গুজরাট থেকে বরিশালের গৌরনদীতে ছুটে এসেছেন সোরঠিয়া ফাইজান শাহ ওরফে হামজা (২০) নামের এক যুবক। পরিবারের উদ্যোগে এবং নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, ভারতীয় যুবক সোরঠিয়া ফাইজান শাহ গুজরাটের বাসিন্দা রেজওয়ান শাহর ছেলে। তিনি ছয় মাসের ট্যুরিস্ট ভিসায় গত ২২ নভেম্বর বাংলাদেশে প্রবেশ করেন। এর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের নবম শ্রেণির পড়ুয়া ১৭ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরিবারের সূত্রে জানা যায়, বাংলাদেশে আসার পরদিন ২৩ নভেম্বর আইনজীবীর মাধ্যমে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর ভারতীয় এই যুবক গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি বাকি জীবন বাংলাদেশে কাটাতে চান।
তবে ভিনদেশি যুবক এভাবে এসে কিশোরীকে বিয়ে করায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তা নিয়ে নানা আলোচনা চলছে।












