সরকার মেজর জেনারেল পদবির তিনজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে সরিয়ে নিয়েছে। এই তিন কর্মকর্তা হলেন—মোহাম্মদ মাহবুবুর রশীদ, মো. মাকসুদুল হক এবং মো. জাহাংগীর আলম।

গত ২৪ নভেম্বর মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, এর আগে তাদের প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে বিভিন্ন মিশনে দায়িত্ব দেওয়া হয়েছিল।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ওই কর্মকর্তাদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর মাধ্যমে তাদের পুনরায় সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

তবে ঠিক কোন দেশ বা মিশনে তারা কর্মরত ছিলেন কিংবা কী কারণে এই প্রত্যাহার করা হয়েছে, তা সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে বা প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।