পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই হুঁশিয়ারি দেন।
বিবৃতিতে হেফাজতের শীর্ষ নেতারা বলেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না এবং দিল্লির মসনদও তছনছ করে দেওয়া হতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন ও অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে বলে তারা উল্লেখ করেন।
নেতারা বলেন, ভারতের সহযোগিতায় ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করা হয়েছে। বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া আর কিছু নয়। দেশের জনগণ এসব হুমকিকে পরোয়া করে না বলেও বিবৃতিতে জানানো হয়।
ভারতের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা অনুধাবন করার আহ্বান জানিয়ে হেফাজত নেতারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর ধরে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব হরণের চেষ্টা চালিয়েছে। দেশের স্বার্থবিরোধী যেকোনো চক্রান্ত কঠোরহস্তে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।












